রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

জুলাইকে ধারণ করে না জামায়াত বিএনপির এমন অভিযোগ হাস্যকর: মিয়া গোলাম পরওয়ার 

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না বিএনপির এমন অভিযোগ হাস্যকর। তাঁর দাবি, সরকার জুলাইয়ের চেতনা ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বসানো হচ্ছে। তাঁর ভাষ্য, জামায়াতসহ ১১ দল জুলাইয়ের চেতনা ধারণ করে বলেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে বিএনপি গণভোটের রায় অস্বীকার করে তা বাস্তবায়নে টালবাহানা করছে।

সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সরকার জুলাইয়ের চেতনার পরিপন্থী পথে হাঁটছে। সম্প্রতি সরকারি কর্মকমিশনেও হস্তক্ষেপ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, চব্বিশের আন্দোলনে শিক্ষার্থীরা যে দলীয়করণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি তারই পুনরাবৃত্তি।

জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসায় জামায়াতের আমির সহযোগিতা করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তুলে ধরতে জামায়াতের উদ্যোগে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বই প্রকাশ করা হয়েছে। অথচ সরকারের বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতন না পাওয়ার অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

সংবিধান সংস্কার নিয়ে বিএনপির সমালোচনা

সংবিধান সংস্কার প্রসঙ্গে গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি তাদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের অবস্থানে অনড় থেকে রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে। দলটি সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর দাবি, জামায়াতের পাঁচটি নোট অব ডিসেন্টের বিষয়ে বিএনপি যথাযথ সমঝোতা করেনি। বর্তমান কাঠামো বহাল রেখে সংবিধান সংশোধন করা হলে ভবিষ্যতে যিনিই প্রধানমন্ত্রী হবেন, তাঁর মধ্যেই ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা থাকবে।

গণভোটের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, জনগণ প্রায় ৭০ শতাংশ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায় উপেক্ষা করে জনগণকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে সরকার অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলেও দাবি করেন তিনি।

বিরোধীদলীয় নেতার আমন্ত্রণ নিয়ে ক্ষোভ

ওসমানী উদ্যানে আয়োজিত একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অংশ না নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ না করা অসম্মানজনক। সেখানে প্রতিমন্ত্রীদের নাম উল্লেখ করা হলেও বিরোধীদলীয় নেতাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ কারণে তিনি অনুষ্ঠানে যাননি বলে জানান গোলাম পরওয়ার।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও হাস্যকর আখ্যা দিয়ে এর নিন্দা জানান তিনি। ভবিষ্যতে বিরোধীদলীয় নেতাকে নিয়ে জাতির সামনে অসত্য তথ্য উপস্থাপন না করার আহ্বানও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ

গোলাম পরওয়ার বলেন, সরকারের দুর্নীতি ও দলীয়করণের সমালোচনা করলেই বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর অভিযোগ, এভাবে একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলন উপেক্ষা করে সরকারই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পথ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ চেনার জন্য জনগণের কাছে ফিরে যেতে হবে। তাঁর মতে, চাঁদাবাজি, লুটপাট, সরকারি পদে দলীয় লোক নিয়োগ এবং জনগণের রায় উপেক্ষা করা ফ্যাসিবাদী প্রবণতার লক্ষণ। গণভোটের রায় অগ্রাহ্য করাকেও তিনি ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করেন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে জোটের অভিযোগ প্রত্যাখ্যান

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোট করার অভিযোগ প্রত্যাখ্যান করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করেনি। বরং বিএনপির সঙ্গে চারদলীয় ও ২০-দলীয় জোট গঠিত হয়েছিল।

তিনি বলেন, জামায়াতের প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবায়নের দাবিতে জাতীয় পার্টি ও বাম দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করা হয়েছিল। ১৯৯৬ সালে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি দাবি করেন, দলটির কারণেই আওয়ামী লীগ ওই বছর ক্ষমতায় এসেছিল।

গোলাম পরওয়ারের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব কর্মকাণ্ড দেখা গেছে, বিএনপিও এখন সেসব পথে হাঁটছে। সভা-সমাবেশ আয়োজন এবং ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

আমীর হামজা এমপির ওয়াজ মাহফিলের অনুমতি বাতিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিপুল ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যকে বাধা দিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএনপি নেতাদেরও তাফসির মাহফিল আয়োজনের আহ্বান জানান তিনি। রাজশাহীর একটি সম্মেলন বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী পথ থেকে সরে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

মাদরাসার কমিটি ভাঙা নিয়েও সমালোচনা

মাদরাসাগুলোর পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দলীয় লোকদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা একই পথে হেঁটেছেন। এ প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে সতর্ক করেন তিনি।

এ ছাড়া সরকারি বরাদ্দ থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, অনির্বাচিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের ওপর কর্তৃত্ব করার সুযোগ দেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারের প্রতি বিরোধী দলের বিষয়ে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ বন্ধের দাবি জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581