বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তে আরও বৈঠক করতে চাই বিএনপি: চিফ হুইপ

রাজনীতি ডেস্ক:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এখনো নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। দলের স্থায়ী কমিটি প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির দলীয় ফোরামে আলোচনা চলছে। স্থায়ী কমিটিতেও বিষয়টি নিয়ে মতবিনিময় হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও ভোটগ্রহণের আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সংসদ ভবনেই হবে ভোট

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সংসদ ভবনের ভেতরেই অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা নিজ নিজ জাতীয় সংসদীয় আসনের নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি আরও জানান, ভোটগ্রহণের সময় সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংসদের স্পিকার উপস্থিত থাকবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট নয়

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই কার্যকর থাকবে বলে উল্লেখ করেন চিফ হুইপ। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি থাকবে।

জুলাই সনদ নিয়ে বিরোধীদের প্রশ্ন

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদে যে কাঠামোর কথা বলা হয়েছে, সে অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ ঠেকাতে ১১ দলীয় জোট নিজেদের পক্ষ থেকে একজন প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত বিএনপির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় নির্বাচনের মাঠে শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493