সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলী রানি (২৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলী রানি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সিলেট থেকে একটি লোকাল বাস সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উলটে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের জানালার কাচ ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই শিউলী রানি মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

