ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। সালাউদ্দিন ভাই বরাবরই এ কাজটি করেন। তিনি যদি মূল ঘটনা জানতেন, তাহলে মাদ্রাসাছাত্রদের পাশে থাকতেন। তাঁর বাবা একজন মাদ্রাসার হুজুর ছিলেন। তিনি মদিনার ইসলামের কথা বলেন, কিন্তু মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি।’
এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের সমঝোতা হয়েছে বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধা রয়েছে। আমরা একসঙ্গে জুলাই আন্দোলন করেছি। ওস্তাদরা আমাদের তালেব মনে করেন। অনেক আলেম আমাদের দুঃখ প্রকাশ করতে বলেছেন। দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয় না। তাই আমরা এখানে এসেছি, দুঃখ প্রকাশ করেছি এবং ওস্তাদদের দোয়া নিয়েছি। আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।’
এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে মিছিল থেকে এনসিপি ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দেওয়া হয়।
পরদিন শনিবার দুপুরে এনসিপির সমাবেশস্থল জেলা শিল্পকলা একাডেমিতে হামদ-নাত অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দেয় এবং এনসিপির সমাবেশ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এরই মধ্যে শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
পরে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেয়। সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠক শেষে তিনি হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার কথা জানান।

