নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সাদিয়া ইসলামকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন না করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহ্ পরাণ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় টাকা নিতে গেলে স্থানীয় বাসিন্দারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। ওই রাতেই বলাইগুয়া এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় সাদিয়া ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে।
মামলার বাদী প্রিয়া আক্তারের অভিযোগ, তিনি নিজেসহ পাঁচজনের কাছ থেকে সাদিয়া তিন হাজার টাকা করে নিয়েছেন। মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা জানান সাদিয়া। পরে বিকেলে অন্য এক নারীর কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় প্রতারণার বিচার চেয়ে মামলা করেন তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুড়পাড় এলাকার প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশকে দেওয়া বক্তব্যে সাদিয়া ইসলাম বলেন, স্থানীয় কমল নামে এক ব্যক্তির কথায় তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। যারা তাকে টাকা দিয়েছেন, তারা নিজেদের উদ্যোগেই ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় ওই টাকা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
সাদিয়ার দাবি, কমলের কথায় নেওয়া ওই টাকা ফেরত দেওয়ার জন্যই তিনি কুড়পাড় এলাকায় গিয়েছিলেন। কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফাঁসানো হয়েছে।
ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার মামলা করেছেন। সাদিয়াকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা সাদিয়া স্বীকার করেছেন বলেও জানান তিনি।
এদিকে নেত্রকোনা জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তার ধারণা, সাদিয়া চক্রান্তের শিকার হয়ে থাকতে পারেন এবং তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। তবে সাদিয়া সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

