বরিশাল প্রতিনিধি
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ শুরু হয়।
বরিশাল নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী এ কার্যক্রম রোববার (১১ অক্টোবর) শেষ হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা ৩২ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজারের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা এবং পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কাজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

