রংপুর প্রতিনিধি
রংপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের বিরুদ্ধে বিরোধী দলের সংসদ সদস্যদের যথাযথ মূল্যায়ন না করা, বিভিন্ন সরকারি কমিটিতে তাঁদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল। জনগণের স্বার্থ উপেক্ষা করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।
সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিনসহ জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের উদ্দেশে মাহবুবুর রহমান বেলাল বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যদের যথাযথ মর্যাদা দিতে হবে। বিভিন্ন সরকারি কমিটিতে তাঁদের প্রতিনিধি রাখতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, অভিজ্ঞ ব্যবসায়ীরা সব শর্ত পূরণ করেও ডিলারশিপ পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে অনভিজ্ঞ ব্যক্তিরা ডিলার নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
প্রশাসনের উদ্দেশে বেলাল বলেন, “জনগণকে খেপাবেন না। আমাদের বাধ্য করবেন না থানায় ঘেরাও করার জন্য, ডিসি অফিস ঘেরাও করার জন্য।” একপর্যায়ে তিনি বলেন, “সরি এভাবে বলার জন্য। আমি বাধ্য হলাম বলতে। সামনে এভাবেই আমাকে দেখবেন।”
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি। এ ছাড়া নগরীর যানজট নিরসন, শ্যামা সুন্দরী খাল সংস্কার, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং মাদকবিরোধী অভিযান জোরদারের বিষয়েও বক্তব্য দেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলার সর্বোচ্চ ফোরাম। এখানে বক্তব্য দেওয়ার সময় সবাইকে শব্দ চয়নের বিষয়ে আরও সতর্ক থাকা উচিত। একই সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

