রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সারাদেশ

চট্টগ্রামের বায়েজিদে একটি কারখানায় অভিযান, ১৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় কিষোয়ান গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্লাওয়ার মিলে যৌথ অভিযান চালিয়ে জব্দ করা ২ হাজার ৪০১ বস্তা সরকারি গমের মধ্যে ১ হাজার ৬৮১ বস্তার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। বাকি ৭২০ বস্তা গমের পক্ষে বৈধ নথিপত্র উপস্থাপন করেছে তারা।

এ ঘটনায় চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে একটি তদন্ত প্রতিবেদন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক।

খাদ্য বিভাগের সূত্র জানায়, চট্টগ্রামের পতেঙ্গা সাইলো থেকে সরবরাহ করা এসব সরকারি গম পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি স্থানীয় খাদ্যগুদামে (এলএসডি) পৌঁছানোর কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই গমগুলো অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। পরে সেগুলো কিনে ইউনাইটেড ফ্লাওয়ার মিলে মজুত করা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে সংশ্লিষ্ট গমের একটি বড় অংশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় সরকারি গমবোঝাই একটি ট্রাক আটক করেন স্থানীয় লোকজন। এ সময় একই ধরনের গমবোঝাই আরেকটি ট্রাক পালিয়ে যায়। এ ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে কিষোয়ান গ্রুপের ইউনাইটেড ফ্লাওয়ার মিলে অভিযান চালায়।

সাইলো থেকে আসা একটি ট্রাক কারখানায় গম খালাসের প্রস্তুতি নেওয়ার সময় অভিযানটি পরিচালনা করা হয়। পার্বত্য জেলার খাদ্যগুদামের জন্য বরাদ্দ সরকারি গম বেসরকারি কারখানায় নেওয়ার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তায় বিপুল পরিমাণ গম পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে ২ হাজার ৪০১ বস্তা গম জব্দ করা হয়।

জব্দ করা গমের বৈধ কাগজপত্র দেখানোর জন্য কারখানা কর্তৃপক্ষকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে জমা দেওয়া নথিপত্র যাচাই করে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ৭২০ বস্তা গমের বৈধতা পায়। তবে বাকি ১ হাজার ৬৮১ বস্তার বিষয়ে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সরকারি গম কীভাবে সাইলো থেকে বের হয়ে নির্ধারিত খাদ্যগুদামে না গিয়ে বেসরকারি কারখানায় পৌঁছাল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাঁদের দাবি, সাইলো ও সংশ্লিষ্ট ফ্লাওয়ার মিলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিন্তু গত ৯ অক্টোবর পতেঙ্গা সাইলো থেকে গমবোঝাই ট্রাক বের হওয়ার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয়টি রহস্যজনক।

সাইলোর সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন

ঘটনার রাত অর্থাৎ ৯ অক্টোবরের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনার আগের ও পরের দিন সরকারি গমবোঝাই ট্রাকের প্রবেশ ও বের হওয়ার ফুটেজ থাকলেও ওই রাতের ফুটেজ দেখাতে পারেনি সাইলো কর্তৃপক্ষ।

এ বিষয়ে সাইলোর নিরাপত্তা কর্মকর্তা মর্জিনা বেগম জানান, ৯ অক্টোবর রাত থেকে সাইলোর প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী জানান, সরকারি কাজে তিনি বর্তমানে চাঁদপুরে রয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে তাঁর কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে প্রতিবেদনটি বিস্তারিত পর্যালোচনা করার সুযোগ এখনো হয়নি। প্রতিবেদন দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও সরকারি খাদ্যশস্য জব্দ

এর আগে চলতি বছরের মে মাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারি গুদাম থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৫৭৮ টন সরকারি চাল জব্দ করেছিল র‍্যাব-৭। ওই ঘটনায় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়। একই ব্যক্তিকে ২০১৭ সালেও ডবলমুরিং থানা পুলিশ গ্রেপ্তার করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি গমের বরাদ্দ, পরিবহন, সাইলো থেকে ছাড় এবং নির্ধারিত খাদ্যগুদামে পৌঁছানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ না থাকার কারণও খতিয়ে দেখা জরুরি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581