ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজনা গ্রামের মো. আফজাল হাওলাদারের ছেলে মো. আবির হাসান (২০), একই এলাকার মো. হান্নান খলিফার ছেলে মো. আবুজরগিফারি (২১) এবং সাউথপুর গ্রামের মৃত মো. মোফাজ্জেলের ছেলে মো. নূরনবি (২১)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মীরের হাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ওই তিন যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত সাত দিন কারাদণ্ড ভোগ করতে হবে।
ইউএনও রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাজাপুরকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

