বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

দেশের আট জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ, আহত কয়েকজন

মধুমতি অনলাইন ডেস্ক:

দেশের বিভিন্ন প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। বৃহস্পতিবার আট জেলায় সংঘটিত এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাস, পিকআপ, ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালক রয়েছেন। দুর্ঘটনাগুলোতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার ও নেত্রকোনায়। দুই জেলাতেই পৃথক দুর্ঘটনায় চারজন করে নিহত হয়েছেন। এছাড়া যশোর, ফেনী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ ও গোপালগঞ্জে একজন করে নিহত হয়েছেন। একই দিনে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।

কক্সবাজারে বাস-জিটু সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও স্থানীয় ‘জিটু’ গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—খুটাখালীর সেগুনবাগিচা এলাকার জসিম উদ্দিন (২৫), শিয়ালকাটা এলাকার মো. শাহেদ (২৭), ঈদগাঁওয়ের পশ্চিম গজারিয়া এলাকার মো. রফিক (২৯) এবং নতুন অফিস এলাকার জিয়াবুল হক (২৫)।

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, কক্সবাজারমুখী লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই জিটু গাড়িটির সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং এর নয় যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও জিটু গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

নেত্রকোনায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোলে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

যশোরের বেনাপোলে লোহার গ্রিলবোঝাই ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং ইছাপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ইব্রাহিম হোসেন ও ফজলু রহমান মোটরসাইকেলে করে গোগা থেকে কাগজপুকুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিলবোঝাই ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানচালক আহত হন। হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম হোসেন মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করেছে পুলিশ।

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকবাল অ্যান্ড সন্স সিএনজি কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল দাস মুহুরীগঞ্জে অবস্থিত পিএইচপি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্যাস নেওয়ার জন্য সিএনজি পাম্পের সামনে থেমে থাকা যানবাহনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জুয়েল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। একই সময়ে কাভার্ডভ্যানটি একটি মাইক্রোবাসেও আঘাত করে।

দুর্ঘটনায় জুয়েল গুরুতর আহত হন এবং পরে মারা যান। মাইক্রোবাসের চালক সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু মিয়া (৬৫) নিহত হয়েছেন।

বুধবার রাতে জালকুড়ি কড়ইতলা এলাকায় সাইনবোর্ড-চাষাঢ়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

রাজু মিয়া চাঁদপুর সদর এলাকার বাসিন্দা হলেও সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকায় বসবাস করতেন।

মুন্সীগঞ্জে ট্রেইলারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বয়লার মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রেইলারটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শ্যামল মোটরসাইকেল নিয়ে একটি সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়উতাড়া এলাকার বাসিন্দা এবং কৃষিকাজ করতেন।

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল আলম বড় বনগ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুরে চেম্বার সভাপতি ও স্ত্রীসহ আহত ৪

দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী এলাকায় মাছবোঝাই পিকআপের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এতে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক, তার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাড়াইহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে রাজশাহীর উদ্দেশে যাওয়ার পথে মাছবোঝাই একটি পিকআপ আবু বকর ছিদ্দীকের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং আবু বকর ছিদ্দীক, তার স্ত্রী কামরুন নাহার (৫৫), সফরসঙ্গী মো. লুৎফর রহমান (৫৮) ও চালক আকবর আলী (৫৫) আহত হন।

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে লুৎফর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অন্যদের দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493