বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে ইয়াবা সেবনকারী ব্যক্তি তিনি নন বলে দাবি করেছেন শাওন।
তার অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার। এর আগে শনিবার (১৫ আগস্ট) উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১৬ সেকেন্ডের ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। তবে ভিডিওতে থাকা ব্যক্তি নিজে নন বলে দাবি করেছেন শাওন খান।
শাওন খানের ভাষ্য, গত ১৪ আগস্ট সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তার দাবি।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন শাওন। তিনি বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা হলে প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে।
তবে ছাত্রদলের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা কিংবা এটি এআই-নির্মিত কি না এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানোর কথা জানিয়েছে উপজেলা ছাত্রদল।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার বলেন, ভিডিওটি তারা পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে এবং উপজেলা পর্যায়েও যাচাই-বাছাই চলছে। মাদকসেবী কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কারও জন্য সংগঠনে জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওটির প্রকৃত উৎস, এতে থাকা ব্যক্তির পরিচয় এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি কি না এসব বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

