রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
স্পেশাল

খুলনায় আইজিপির অবস্থানের দিনেই তিনটি স্থানে গুলি ও ভাংচুর

নিজেস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের অবস্থানের দিনেই মহানগরী ও জেলায় পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবদল নেতা। সন্ধ্যার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়ায় এক মুদি দোকানদারকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে।
এছাড়াও নগরীর বাবুখান রোডে একটি ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এসব ঘটনায় নগরী ও জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তেরখাদায় যুবদল নেতার পাঁজরে গুলি

শনিবার বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতা গুরুতর আহত হন। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ টুটপাড়ায় মুদি দোকানদারকে গুলি

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামের এক মুদি দোকানদারকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তাঁর পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনঞ্জয় গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে। তিনি স্থানীয় গাছতলা মন্দির মোড় এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি গাছতলা মন্দিরের সামনে এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাবুখান রোডে ক্লিনিক লক্ষ্য করে গুলি

শনিবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বাবুখান রোড এলাকায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ক্লিনিকের বিপরীত দিক থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এবং কী কারণে ক্লিনিকটি লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই দিনে তিন স্থানে গুলিবর্ষণ নগরজুড়ে উদ্বেগ

একই দিনে খুলনা মহানগরীর দুটি স্থানে গুলি ও একটি ক্লিনিকে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তবে তিনটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ উদ্‌ঘাটন, হামলাকারীদের শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581