ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা উপজেলা পৌরসদরের এনায়েত শেখের ছেলে সাকিব শেখ (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, সাকিব নগরকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় পথচারী হৃদয় শেখকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন দুজনই। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত ও দ্রুতগতির সড়কে পথচারীদের পারাপার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

