ন্যাশনাল ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন চার সদস্য। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নতুন চার সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অন্যদিকে, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজনের অন্তর্ভুক্তি ঘটল।
রাজনৈতিক অঙ্গনে এই শপথ অনুষ্ঠানকে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ এক আনুষ্ঠানিক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

