ন্যাশনাল ডেস্ক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ধর্মীয় এ অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যাবের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে।
র্যাব জানায়, কোনো স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠী যাতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা, নাশকতা কিংবা অন্য কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
একই সঙ্গে উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো চেষ্টা হচ্ছে কি না, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি ছড়ানো হচ্ছে কি না, তা শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
র্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও ওফাতের দিন হিসেবে পরিচিত। দিনটি মুসলিম বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। বাংলাদেশে এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

