বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন রাতারাতি সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

রাতারাতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারেনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সরকার একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে। একই সঙ্গে জনগণের প্রত্যাশাও ছিল অনেক বেশি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাহিনীগুলোর আধুনিকায়ন এবং জনগণের প্রত্যাশা—সব বিষয় একসঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা যে আইনশৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং যে বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশ পেয়েছি, তার সঙ্গে জনগণের আকাশসম জনপ্রত্যাশাও রয়েছে। সবকিছু আমাদের একসঙ্গে বিবেচনায় নিতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে উৎসাহিত করার কাজ একযোগে চলছে।

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ‘এই দায়িত্ব নেওয়ার পরে এমন একটি ঘটনাও নেই, এমন কোনো অপরাধ নেই, যেটা সংঘটিত হওয়ার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা বিচারের আওতায় আনা হয়নি। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় বাহিনীগুলোর মনোবল ছিল ভঙ্গুর। তবে গত ছয় মাসে তাদের অবস্থার উন্নয়ন হয়েছে এবং সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে।

তিনি বলেন, ‘তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।’

রংপুরের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেকটি অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি।’

কিছু ক্ষেত্রে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।

পুলিশকে একটি জনপ্রত্যাশিত ও জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে।’

তিনি আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি বাহিনীগুলোর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সদস্যদের পুরস্কার, অ্যাওয়ার্ড, সনদ ও পদক দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। তবে ইনশাআল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী ও এদেশের গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটি পর্যায়ে উন্নীত করতে পারব, যেখানে জনগণের প্রত্যাশা পূরণ হবে।’

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493