ন্যাশনাল ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রমের অংশ হিসেবে সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তিনি জানান, সেপ্টেম্বরে ভোট আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে। নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ডিসেম্বরে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আর্থিক বিষয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ওই বৈঠকে নির্বাচনের বাজেট, প্রশাসনিক প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে।

