বিনোদন ডেস্ক:
আরজে নয়নের নতুন মৌলিক গান ‘মাওলা চিনলি না’ প্রকাশিত হয়েছে। গত ১৬ আগস্ট রোববার দেশের অন্যতম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি মুক্তি পায়।
গানটির কথা লিখেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াপ্রবাসী গীতিকবি কাফিনূর-ই আজিজ। গানটির সুর করেছেন নয়ন রাজা, যিনি আরজে নয়ন নামেই পরিচিত। রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটির সংগীতায়োজন করেছেন পূর্ণ মিলন। সংগীত ও সম্পাদনায় ছিলেন সাকিবুল হাসান সুজন।
নতুন গান প্রসঙ্গে আরজে নয়ন বলেন, প্রায় দেড় বছর আগে গীতিকবি কাফিনূর-ই আজিজ এলোমেলো ও অগোছালো কিছু কথা লিখে তাকে একটি গান তৈরির অনুরোধ করেন। পরে মূল ভাব অক্ষুণ্ন রেখে মাত্রাবৃত্ত ছন্দে কথাগুলো সাজিয়ে গানটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়।
তিনি বলেন, ‘গানটির কথা ও সুর তৈরির পর কাফি ভাই এবং ভাবী যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও কিছু কথা সংযোজন করেন। এতে গানটির ব্যাপ্তি বেড়ে যায়। পরবর্তীতে সংযোজিত কথাগুলো বাদ না দিয়ে ছন্দ, সুর ও তালের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলো র্যাপ আকারে যুক্ত করা হয়েছে।’
আরজে নয়ন আশা প্রকাশ করেন, ভিন্নধর্মী কথা, সুর ও সংগীতায়োজনের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে। ‘মাওলা চিনলি না’ গানটি জি সিরিজের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

