চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—চরচাকলা গ্রামের মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), একই গ্রামের নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে উদ্ধারের চেষ্টা করে অন্যরা। এ সময় একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। তবে শেষ পর্যন্ত পাঁচ শিশুকেই বাঁচানো সম্ভব হয়নি।
একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চরচাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

