ন্যাশনাল ডেস্ক:
বিএনপির সংসদীয় দলের সভায় স্থানীয় সরকার নির্বাচন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচারের জবাব দেওয়াসহ তিনটি বিষয়ে মন্ত্রী ও সংসদ-সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় দলের এ সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ এবং দলটির সংসদ-সদস্যরা উপস্থিত ছিলেন। সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে যাতে কোনো ধরনের কোন্দল বা বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সভায় স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর বিজয়ে সংসদ-সদস্যদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলা হয়।
সভায় উপস্থিত একাধিক সংসদ-সদস্যের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে প্রার্থী সমর্থন বা নতুন মুখ সামনে আনার ক্ষেত্রে তৃণমূলের মতামত ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রাখতে হবে।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে তৃণমূল পর্যায়ে ক্ষোভ, অসন্তোষ বা বিভাজন তৈরি হয়। দলের নেতাকর্মীদের মধ্যে দূরত্ব ও বিরোধ এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ
বিএনপির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন নিয়েও সভায় আলোচনা হয়। এ উপলক্ষে দলীয় কর্মসূচিতে সব মন্ত্রী ও সংসদ-সদস্যকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে অংশ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলের প্রচার, অপপ্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে দলের নেতা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পাশাপাশি যথাযথ তথ্যের মাধ্যমে এর জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংকট নিয়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান
সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচারের জবাব দিতে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে মন্ত্রীরা যে তথ্য ও ব্যাখ্যা দিয়েছেন, সেগুলোর সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, সার ও গ্যাস পরিস্থিতি সম্পর্কে জনগণকে বাস্তব তথ্য জানাতে দলীয় সংসদ-সদস্যদের ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়।
সভায় সার সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। জানানো হয়, আগামী দু-এক দিনের মধ্যে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্টরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
সার সরবরাহ ও বিতরণব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে বলেও সভায় জানানো হয়। একই সঙ্গে সার সংকট নিয়ে যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

