নিজস্ব প্রতিবেদক, খুলনা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য, দেশপ্রেম ও সৃজনশীল আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনার আয়োজনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার অন্যতম প্রধান উৎস। তাঁর সৃষ্টিশীলতা ও আদর্শ তরুণ প্রজন্মকে মুক্তচিন্তা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত হবে।
জাতীয় কবির সৃষ্টিশীল চেতনায় নতুন প্রজন্মকে সমৃদ্ধ এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

