দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কক্সবাজার জেলার সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর। কর্মশালাটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এআই থেকে পাওয়া তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। তাই প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষ হতে হবে।তিনি বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য। দ্রুততার প্রতিযোগিতায় ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা যাবে না। প্রতিটি তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই ও ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক কৌশল, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং মক সেশনের মাধ্যমে কর্মশালাটি পরিচালিত হবে। আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে।পাশাপাশি এআই প্রযুক্তি ও আধুনিক ফ্যাক্ট-চেকিং কৌশল ব্যবহার করে আরও নির্ভুল, তথ্যভিত্তিক ও মানসম্মত সংবাদ ও প্রতিবেদন তৈরিতে সাংবাদিকরা সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করা হয়।

