বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠার প্রেক্ষাপট

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে দলটি গড়ে তোলা হয়েছিল।

বিএনপির বক্তব্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করেছিলেন। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

দলটির দাবি, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে যুক্ত করা হয়। সেই রাজনৈতিক আদর্শকে ধারণ করেই বিএনপি প্রতিষ্ঠার পর থেকে রাজনীতি করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বাণী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তারেক রহমান বলেন, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি ৪৮ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।

তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বিএনপির চেয়ারম্যানের বাণীতে বলা হয়, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয় বলে তিনি উল্লেখ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

তারেক রহমান বলেন, খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেন।

বিএনপির চেয়ারম্যানের দাবি, দেশে যখনই অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ এসেছে, তখনই জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি সরকার সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও বাণীতে উল্লেখ করা হয়।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের আস্থার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলের রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামই বিএনপির রাজনৈতিক লক্ষ্য।

পাঁচ দিনব্যাপী কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

কর্মসূচির প্রথম দিনে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এ সময় তাঁরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এ ছাড়া সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493