বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাণিজ্য

শাহজালাল বিমানবন্দরে দুবাইয়ের একটি বিমান থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

বাণিজ্য ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩ গ্রাম। কাস্টমসের হিসাবে এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের এফজেড৫২৩ নম্বর ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উড়োজাহাজটির ১৯-এ নম্বর আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।

পরে উদ্ধার করা বস্তুগুলো কাস্টমস হলে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম।

কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণের বারগুলো উড়োজাহাজের আসনের নিচে কালো স্কচটেপ দিয়ে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে এনবিআর। পরে যেকোনো উপায়ে এসব স্বর্ণ বিমানবন্দরের সীমানার বাইরে পাচার করার আশঙ্কা ছিল।

এনবিআর বলেছে, ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় স্বর্ণের চালানটি আটক করা সম্ভব হয়েছে। দেশীয় অর্থনীতি রক্ষা এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

স্বর্ণ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে

উদ্ধার করা স্বর্ণের বারগুলো মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী, মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দর থানায় মামলা

স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও আটকের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

এনবিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বর্ণ চোরাচালানসহ শুল্ক ফাঁকির বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493