খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর সদর থানাধীন বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দুটি দোকানে চুরির ঘটনার জেরে কথিত দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা ১০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক ব্যক্তির স্ত্রী ও ভাইকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে আনুমানিক রাত ৩টা থেকে ৫টার মধ্যে বি কে মেইন রোডের বড় মসজিদের পাশে ‘মা টেলিকম’ ও পাশের ‘আলতাফ স্টোর’-এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান দুটির বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে দোকান মালিকদের অভিযোগ।

চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপুরে স্থানীয় লোকজন বি কে মেইন রোডের ইসমাইল মঞ্জিলে গিয়ে ভাঙচুর চালান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়ির বাসিন্দা পরাগ (৪৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর বাড়িতে মাদক সেবন ও কেনাবেচা চলে। তাঁদের আরও অভিযোগ, মাদকসেবীদের আনাগোনার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন পরাগের স্ত্রী মিতা (৩৬) ও তাঁর ভাই সৌরভকে (৩৮) পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

এরপর বিক্ষুব্ধ লোকজন মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের সাহেব আলী মোড় এলাকায় কথিত আরেক মাদক ব্যবসায়ী জ্যোতির বাড়িতে গিয়ে বসতঘরের থাই গ্লাস ভাঙচুর করেন। স্থানীয়দের দাবি, এলাকায় মাদক কারবার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

খুলনা সদর থানা পুলিশ জানায়, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। দোকানে চুরি এবং পরবর্তী ভাঙচুরের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

