ন্যাশনাল ডেস্ক:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে তার আর আপিল করার সুযোগ থাকে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি। ফলে আইন অনুযায়ী তার আর আপিলের সুযোগ নেই।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের রায়ে যেসব দণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেসব সম্পদ কী প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গুমের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখার পরও গ্রেপ্তার না দেখালে এবং তাকে আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে।
তিনি আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কার্যক্রমের কোনো অসংগতি হবে না। গুমের প্রতিটি অভিযোগ ও প্রতিবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

