ন্যাশনাল ডেস্ক:
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে, তবে তাকে সংসদের কোনো কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা কারও সংসদ সদস্য পদ বাতিলের পক্ষে নন এ বিষয়টি তাঁরা বুঝতে পেরেছেন। কোনো সংসদ সদস্যকে অনৈতিক কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কার করা হলে সংবিধান অনুযায়ী শুধু এ কারণে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হয় না।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য তাঁর দলের বিপক্ষে ভোট দিলে অথবা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য সাংবিধানিক শর্ত পূরণ হলে তাঁর আসন শূন্য হতে পারে। একইভাবে কোনো সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলেও আসন শূন্য হওয়ার প্রশ্ন আসে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গাজী নজরুল ইসলাম দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ফলে তাঁর সংসদ সদস্য পদ বহাল রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় তাঁর অনুপস্থিতির বিষয়টি বিরোধীদলীয় নেতা ৭০ অনুচ্ছেদের আওতায় বিবেচনা করে আসন শূন্য করার জন্য চিঠি না দিলে তাঁর সদস্য পদ শূন্য হওয়ার কোনো বিধান নেই।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতার সম্মানার্থে সংসদের কমিটি থেকে গাজী নজরুল ইসলামের নাম বাদ দেওয়া হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা করা হবে না।
এরপর সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে থাকলে তাঁর কিছু কথা বলতে হয় এবং তিনি কিছু বললে স্বরাষ্ট্রমন্ত্রীরও কিছু বলার থাকে—এটাই স্বাভাবিক।
৭০ অনুচ্ছেদের ব্যাখ্যা প্রসঙ্গে ড. শফিকুর রহমান বলেন, ওই অনুচ্ছেদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলা হয়েছে; কিন্তু ভোটদানে বিরত থাকার বিষয়টি সেখানে বলা নেই বলে তাঁর জানা আছে। তাই এ ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের ওই ব্যাখ্যা প্রযোজ্য হবে না।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক দিক থেকে তিনি যে বিষয়টি অনুভব করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীও সেটিকে সমর্থন করেছেন। এ জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

