ন্যাশনাল ডেস্ক:
ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়।’ শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যোগাযোগ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।
মক্কা প্যাক্টে যোগদানের সিদ্ধান্ত হয়নি
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, কোনো জোট বা ফোরাম দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কি না এবং এতে বাংলাদেশের কী ধরনের উপকার হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কা প্যাক্টে যোগ দেওয়ার সময় এলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

