ন্যাশনাল ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বিশ্বের সর্বাধিক প্রতিনিধিত্বশীল এই বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামের সভাপতির দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশন ও কার্যক্রমে সভাপতিত্ব করবেন।
এদিকে, বাংলাদেশ সময় বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব পালনের মাধ্যমে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান হওয়ার সুযোগ তৈরি হবে।

