ন্যাশনাল ডেস্ক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এর আগে গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তাঁর সংসদ সদস্য পদ শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংবিধান অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ শূন্য হওয়ায় আসনটিতে উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এখন মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নিয়ে ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

