ন্যাশনাল ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়তেও তরুণদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে। তরুণরা উদ্যোগ নিলে দেশকে পরিবর্তন করা সম্ভব।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না হলেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করবে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও নাগরিকদের পালন করতে হবে।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি তরুণদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

