বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

জ্বালানি নিরাপত্তায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকার অনুমোদন

ন্যাশনাল ডেস্ক:

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা এবং পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্য সামনে রেখে এক বৈঠকেই প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকার বিভিন্ন ক্রয় ও ব্যয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশাল ব্যয়ের পাশাপাশি এলএনজি আমদানি, বৈদ্যুতিক বাস সংগ্রহ, সার ক্রয়, মহাসড়ক প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও একই বৈঠকে গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ খাতে সর্বোচ্চ ব্যয়

বৈঠকের সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে বিদ্যুৎ উৎপাদন খাতে। চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার-১ লিমিটেড এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোল প্রাইস মেকানিজম সংশোধনের মাধ্যমে জ্বালানি বাবদ মোট ১ লাখ ৭৬ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে এসএস পাওয়ার-১ পাবে প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫০ কোটি টাকা, আর বরিশাল বিদ্যুৎকেন্দ্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩২ হাজার ৭২৪ কোটি টাকা।

গ্যাস সরবরাহে এলএনজি, এলপিজি কেনার সিদ্ধান্ত

দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ৫ হাজার মেট্রিক টন এলপিজি কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।

পরিবেশবান্ধব গণপরিবহনে নতুন পদক্ষেপ

গণপরিবহনকে ধীরে ধীরে পরিবেশবান্ধব ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি ইলেকট্রিক বাস, প্রয়োজনীয় চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, এই প্রকল্পের আওতায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

কৃষি উৎপাদনে সার আমদানি

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ সরকারের ব্যয় হবে প্রায় ১৬৮ কোটি টাকা।

মহাসড়ক প্রকল্পে ব্যয় বাড়ল

এলেঙ্গা-হাটিকামরুল-বগুড়া-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ১১টি প্যাকেজে ভেরিয়েশন অর্ডার অনুমোদনের ফলে প্রকল্প ব্যয় আরও প্রায় ২ হাজার ৪৭৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত নির্মাণকাজ, নকশাগত পরিবর্তন এবং বাস্তব প্রয়োজনের কারণে এই অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হয়েছে।

শিক্ষার্থীদের জন্য বই ছাপায় বরাদ্দ

২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৯৪৮ কোটি টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই অর্থে প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কোটি কোটি বই বিতরণ করা হবে।

অর্থনীতি নিয়ে শুরু আলোচনা

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এক বৈঠকে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকার আর্থিক অনুমোদন দেশের রাজস্ব ব্যবস্থাপনা, বাজেট বাস্তবায়ন এবং বৈদেশিক মুদ্রার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়েও অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493