বাণিজ্য ডেস্ক:
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য হবে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য দেশের সব বাজুস-সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি পৃথকভাবে নির্ধারিত হবে।
বাজুস আরও স্পষ্ট করেছে, স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বা আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি এবং ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে পূর্বের নীতিমালাই বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

