বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
জাতীয়

মুডিসের স্টেবল আউটলুকে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহাদী আমিন

ন্যাশনাল ডেস্ক:

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের দীর্ঘদিনের ‘নেগেটিভ’ আউটলুক পরিবর্তন করে ‘স্টেবল’ করায় বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেন, এর ফলে নারী ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাও বৃদ্ধি পাবে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধান উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

মুডিস গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখে দেশের আউটলুক ‘নেগেটিভ’ থেকে ‘স্টেবল’ করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক ও বৈদেশিক খাতের চাপ কমে আসায় বাংলাদেশের ঝুঁকি তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ হয়েছে।

মাহাদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে প্রথম ধাপে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খনন করা হবে। এ ছাড়া বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ বাড়িয়ে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ সালের আগেই তৃতীয় এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে।

তিনি জানান, টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের উদ্যোক্তা করতে নানা উদ্যোগ

সরকারের ছয় মাসের কার্যক্রম সাতটি খাতে ভাগ করে তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল, জামানতবিহীন সুদমুক্ত ই-লোন এবং স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণ, প্রায় ৪৫ লাখ মানুষকে দক্ষতা প্রশিক্ষণ এবং দেশে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় পে-স্কেল ২০২৬ অনুমোদন, অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্প্রসারণ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল ২৫ কোটি টাকায় উন্নীত করার কথা জানান তিনি। ঢাকার কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের পুনর্বাসনে চীনা অর্থায়নে আধুনিক আবাসন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

নারীদের জন্য উপবৃত্তি ও বিদ্যালয়ে পুষ্টিকর খাবার, প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা এবং কারাগারে বন্দিদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের ব্যবস্থার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সৌরবিদ্যুৎ ও কৃষিতে জোর

জ্বালানি ও কৃষি খাতে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহাদী আমিন। আগামী পাঁচ বছরে ডিজেলচালিত সেচপাম্প সৌরশক্তিতে রূপান্তর, ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা এবং আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।

কৃষি খাতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহের পরিকল্পনা রয়েছে। একই সময়ে চাহিদার তুলনায় ১৫ লাখ ৬৮ হাজার টন সার উদ্বৃত্ত মজুত থাকবে বলে জানানো হয়। ছয় মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাও উৎপাদনে ফিরেছে।

স্বাস্থ্য ও যোগাযোগে একাধিক পরিকল্পনা

স্বাস্থ্য খাতে আট বিভাগীয় শহরসহ ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, জেলা ও উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালু, কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ এবং ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগের কথা জানান মাহাদী আমিন।

তিনি বলেন, গত পাঁচ মাসে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানও শুরু হয়েছে।

যোগাযোগ খাতে ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা, চার লেনের এক্সপ্রেসওয়ে, ক্যাশলেস স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা, ব্যাটারিচালিত অটোরিকশার ডিজিটাল নিবন্ধন এবং প্রতি ১০ কিলোমিটারে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুশাসনে ওয়ান সিটিজেন-ওয়ান আইডির পরিকল্পনা

সুশাসন নিশ্চিত করতে ওয়ান সিটিজেন-ওয়ান আইডি চালু, থানাগুলোকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তর, ২২টি মাদকবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন এবং ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার পরিকল্পনার কথা জানানো হয়।

এ ছাড়া তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে ৩৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত করার উদ্যোগ রয়েছে। গত ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৪ কোটি ডলারে দাঁড়িয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। একই সময়ে পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।

‘জনগণের সেবার দায়িত্ব হিসেবে ক্ষমতা’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব শালেহ শিবলী বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণের সেবার দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে রাষ্ট্রের প্রকৃত মালিকানার অনুভূতি তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সরকার দায়িত্ব নিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রত্যেক নাগরিককে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের ঘর ও আশপাশ পরিষ্কার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরামর্শ দেন।

গণমাধ্যমকে গুজব ও অপতথ্য যাচাইয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে শালেহ শিবলী বলেন, সংবাদমাধ্যমগুলো প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ফ্যাক্টচেকভিত্তিক অনুষ্ঠান বা প্রতিবেদন প্রচার করতে পারে। এর মাধ্যমে সত্য-মিথ্যা যাচাই করে মানুষকে বিভ্রান্তি থেকে বের করে আনা সম্ভব।

অন্যদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিপুল বৈদেশিক ঋণের বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে, যার দায় ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। তাই কয়েক মাসের মধ্যেই সবকিছুর সমালোচনা না করে সরকারকে সময় ও সহযোগিতা করা উচিত।

গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493