বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
জাতীয়

ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

ন্যাশনাল ডেস্ক:

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চালু হচ্ছে জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘ভূমিদৃষ্টি’। নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই এ অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘ভূমিদৃষ্টি’ অ্যাপে প্রতিটি ভূমি অফিসের জন্য নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানা নির্ধারণ করে দেওয়া থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।

নির্ধারিত সীমানার বাইরে থেকে কেউ হাজিরা দেওয়ার চেষ্টা করলে কিংবা ভুয়া অবস্থান বা ‘ফেক লোকেশন’ ব্যবহারের চেষ্টা করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে।

সাইট ভিজিট ও ছুটির সুবিধা

সরকারি কাজ, তদন্ত বা অন্য কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে হলে অ্যাপের ‘সাইট ভিজিট’ ফিচার ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে বাইরে যাওয়ার কারণ অ্যাপে উল্লেখ করার সুযোগ থাকবে। একই সঙ্গে অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন করা এবং ছুটির হিসাব সংরক্ষণ করা যাবে।

প্রথম ধাপে ছয় জেলার ৬১০ কার্যালয়

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ছয় জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে যুক্ত করা হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণ করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভাষ্য, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে ভূমি সেবা কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

অ্যাপটি চালুর কারিগরি সহযোগিতা দিচ্ছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।

এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলা’য় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রীর কাছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেন। সেই প্রস্তাবের ধারাবাহিকতায় এবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493