রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

রাজধানীতে বাসে আগুন, পৃথক স্থানে আট ককটেল বিস্ফোরণ

ন্যাশনাল ডেস্ক:

রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন এবং বিভিন্ন এলাকায় পৃথকভাবে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে যাত্রাবাড়ীতে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে পরপর আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পথচারীদের ছুটোছুটি করতে দেখা যায়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকের খোঁজখবর নেন। ঘটনার পর যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ছাড়া সন্ধ্যার দিকে আগারগাঁও ও মহাখালী এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালীতে পরপর দুটি এবং আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর পৃথক এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581