জামিনুল ইসলাম নান্না
জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে মোরেলগঞ্জের ছোলোমবাড়িয়া ফেরিঘাটের পল্টুন। একই সঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। জরাজীর্ণ পল্টুন ও সড়কের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ফেরির যাত্রী, পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ, জোয়ারের সময় নদীর পানি বেড়ে পল্টুনের ওপর উঠে যায়। এতে ফেরিতে ওঠানামার সময় যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি। পল্টুনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এদিকে ফেরিঘাটের সংযোগ সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের দুরবস্থা আরও বেড়ে যায়। ফলে ফেরিতে ওঠার আগে ও পরে যানবাহন চালকদের ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট ও ভোগান্তি।
স্থানীয়রা জানান, মোরেলগঞ্জের গুরুত্বপূর্ণ এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে পল্টুন ও সংযোগ সড়কের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। তাদের দাবি, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরাজীর্ণ পল্টুন দ্রুত সংস্কার, জোয়ারের পানি থেকে পল্টুন রক্ষায় কার্যকর ব্যবস্থা এবং ফেরিঘাটের সংযোগ সড়ক দ্রুত সংস্কার করতে হবে।
স্থানীয়রা অতিদ্রুত সময়ের মধ্যে ছোলোমবাড়িয়া ফেরিঘাটের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

