টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগে সাব ঠিকাদার শাহা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন বিকেলে বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদার জাহাঙ্গীর হোসেন ও সাব ঠিকাদার শাহা আলমের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেতুটির ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর বিষয়টি তদন্তে ঢাকা সদর দপ্তর, টাঙ্গাইল জেলা এলজিইডি এবং বাসাইল উপজেলা এলজিইডির পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার দুপুরে এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মো. ছাদেকের নেতৃত্বাধীন তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। একই সময়ে জেলা এলজিইডির গঠিত তদন্ত কমিটিও সেতু নির্মাণস্থল পরিদর্শন করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, মামলার পর সাব ঠিকাদার শাহা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, মামলায় চুক্তিনামা ভঙ্গ ও জানমালের ক্ষতির আশঙ্কাসহ সংশ্লিষ্ট ধারাগুলো উল্লেখ করা হয়েছে।

