চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি পণ্যবাহী ট্রাকের পথরোধ করে চালকদের ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া জৈব সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের পাশের একটি খালি জায়গায় অভিযান চালিয়ে মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)কে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া মুরগির বিষ্ঠার পুরো পরিমাণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় চারটি ট্রাকের গতিরোধ করা হয়। এ সময় ট্রাকগুলোর চালকদের নামিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে ট্রাকগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে শ্রমিকদের মাধ্যমে চারটি ট্রাকে থাকা ১ হাজার ৬৮০ বস্তা মুরগির বিষ্ঠা নামিয়ে নেওয়া হয়। পরে চালকদের ওই স্থানে নিয়ে তাঁদের মুঠোফোন ফেরত দেওয়া হয় এবং ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।
মামলার বাদী ব্যবসায়ী রিপন হোসেন বলেন, তিনি মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার নাহার এগ্রো ফিড লিমিটেডের প্রকাশ্য নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে মুরগির বিষ্ঠাগুলো কিনেছিলেন। চুক্তি অনুযায়ী, ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির শেড থেকে এসব মালামাল সরিয়ে নেওয়ার কথা ছিল। এর অংশ হিসেবে চারটি ট্রাকে করে জৈব সারগুলো ঠাকুরগাঁওয়ে নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় ২২ সেপ্টেম্বর রিপন হোসেন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে নাম থাকা ব্যক্তিদের মধ্যে করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য শাখাওয়াত হোসেন ওরফে সাখার নাম রয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শাখাওয়াত হোসেন। তিনি বলেন, তাঁর নেতৃত্বে মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর ভাষ্য, ‘আল্লাহ আমাকে অনেক দিয়েছে; আমি কেন এসব ছোট বিষয়ে নজর দেব? ব্যবসায়ী রিপন নিজ থেকে মাঝে মধ্যে খরচের টাকা দিতেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে অভিযান চালিয়ে মজল হক ও মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

