গাজীপুর প্রতিনিধি:
বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার জেলার শাইনপুকুর সিরামিক লিমিটেড ও শ্রীপুরের ওশিন স্পিনিং মিলে শ্রমিকরা কর্মবিরতি, অবস্থান ও বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হলে উভয় কারখানার শ্রমিকরা আন্দোলন স্থগিত করেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কমে যাওয়া এবং আর্থিক সংকটের কারণে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিক লিমিটেডের শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রোববার সকাল ১০টার দিকে প্রায় আড়াই শতাধিক শ্রমিক কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শ্রমিকরা কারখানার প্রধান প্রশাসনিক কর্মকর্তা মামরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে মামরুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ হারুনুর রশিদ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। শ্রমিকরা তাঁদের ধাওয়া করে ধরে মারধর করেন। এতে ওই দুই কর্মকর্তা আহত হন।
পরে দুপুরে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধ, কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, প্রতি মাসের ৮ তারিখের মধ্যে বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে আইন অনুযায়ী পাওনা পরিশোধ, ১০ শতাংশ বেতন বৃদ্ধি এবং এক বছর চাকরি পূর্ণ হলে স্থায়ী করার দাবি জানান। এ ছাড়া এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন তাঁরা।
শাইনপুকুর সিরামিক লিমিটেডে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন।
এদিকে একই দিন শ্রীপুরের জৈনা বাজার এলাকার ওশিন স্পিনিং মিলে আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ছয় শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে দুপুরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কর্তৃপক্ষ আগামী ২৮ সেপ্টেম্বর কারখানায় সাধারণ ছুটি ঘোষণা এবং আগস্ট মাসের বকেয়া বেতন আগামী ১ অক্টোবর পরিশোধের সিদ্ধান্ত জানায়। পরে শ্রমিকরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শাইনপুকুর সিরামিকের বৈঠকে কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। পরে রাত পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানা ত্যাগ করেন। সোমবার সকাল থেকে কারখানাটিতে যথারীতি উৎপাদন শুরু হবে। তিনি আরও জানান, ওশিন স্পিনিং মিলের শ্রমিকরাও কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

