রাজনীতি ডেস্ক:
চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের তালিকা তৈরির সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে পোস্টে তিনি বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নামও উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।’
এরপর তিনি উক্ত তালিকায় পাঁচজনের নাম যুক্ত করে উল্লেখ করেন। তাঁরা হলেন—পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
পোস্টের শেষে উক্ত তালিকায় অন্য কারও নাম থাকা উচিত মনে করলে কমেন্ট বক্সে নেটিজেনদের তা জানানোর আহ্বান জানান এনসিপির এই মুখ্য সমন্বয়ক।
পরবর্তী সময়ে সেই পোস্টের কমেন্ট বক্সে আরও চারজনের নাম উল্লেখ করে তাঁদের ‘আরও এক ধাপ নিচের সারির লোক’ বলে মন্তব্য করেন তিনি। পাটওয়ারী লেখেন, ‘রাশেদ, রেজাউল, রনি, শাহেদ আলম, এরা আরও এক ধাপ নিচের সারির লোক। চামচাদের নাম আলাদা করে তালিকাভুক্ত করার প্রয়োজন নেই।’
এর আগে, চাঁদাবাজির প্রতিবাদে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী যৌথভাবে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছিলেন।

