রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২৮ শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমই মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ২৮ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ২৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে প্রথমে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর একে একে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরে তাদের দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের কয়েকজন হঠাৎ অচেতন হয়ে পড়ে বলে জানান শিক্ষক ও সহপাঠীরা। অধিকাংশ অসুস্থ শিক্ষার্থী নবম ও দশম শ্রেণির বলে জানা গেছে।

ঘটনার পর সন্তানদের অসুস্থ হওয়ার খবর পেয়ে বিদ্যালয় ও হাসপাতালে ছুটে আসেন অভিভাবকেরা। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এতে হাসপাতাল এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দুপুরে বিদ্যালয়ে বিশ্রামের সময় একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। এ সময় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং বলেন, মেডিকেল সায়েন্সে এ ধরনের ঘটনাকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। মানসিক প্রভাবের কারণে এমনটি হতে পারে।

তিনি বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তারা সবাই সুস্থ হয়ে উঠবে।’ এ ঘটনায় শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581