মধুমতি অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে সেখানে যাওয়া ব্যক্তিদের কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একজন সংসদ সদস্যের ওই ঘটনায় সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও তদন্তাধীন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে বুধবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে দলটির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরোনো রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে ফেলার ঘটনা ঘটে। এরপর ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
সুত্র: বিবিসি বাংলা

