ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভের পর পুলিশ নদী থেকে মাটি কাটা বন্ধ করে দেয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় নদী থেকে মাটি কাটার বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রের দাবি, বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ ১৪-১৫ জন উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে।
সূত্র জানায়, বৈঠকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানেরও যোগ দেওয়ার কথা ছিল। তবে বৈঠক শুরুর আগেই নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কাদির সিবিআইয়ের বাড়িতে অভিযান চালাতে গেলে সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কয়েকজন পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নারীদের সামনে পাঠিয়ে দিয়ে ছামেদ আলীসহ অন্যরা সেখান থেকে চলে যান। ঘটনাস্থলে যাওয়া ডিবি পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, উপস্থিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে না পারায় তারা সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান বলেন, ‘আওয়ামী লীগ নেতার বাড়িতে আমার বৈঠক আছে—এটি সত্য নয়। কাদির সিবিআই ছাত্রলীগ করেছে, সেটিও আমার জানা নেই।’
ধলেশ্বরী নদী থেকে মাটি কাটার বিষয়ে অভিযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে বৈঠকের আয়োজনের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

