রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

নিউজ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল সংবাদসেবার অন্যতম পথিকৃৎ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় নির্ধারণ হলে পরিবারের পক্ষ থেকে তা জানানো হবে।

তাঁর মৃত্যুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, আগামী ২৩ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছিল। এর সব পরিকল্পনা তৌফিক ইমরোজ খালিদী নিজেই করছিলেন। তাঁর ভাষায়, ‘তিনি ছিলেন দারুণ উজ্জীবিত ও উদ্দীপ্ত। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর মাত্র তিন সপ্তাহ আগে সব শেষ হয়ে গেল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’

ডিজিটাল সংবাদযুগের পথিকৃৎ

বাংলাদেশের আধুনিক সংবাদসেবার ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে তৌফিক ইমরোজ খালিদীর নাম। তাঁর নেতৃত্বেই দেশের সংবাদ পরিবেশনে ইন্টারনেটভিত্তিক ব্যবস্থার বিস্তার ঘটে এবং দুই দশক আগে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

২০০৫ সালের প্রথমার্ধে ‘বিডিনিউজ’ সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহকারী একটি বার্তা সংস্থা হিসেবে কাজ শুরু করে। সে সময় দেশের অধিকাংশ সংবাদ সংস্থা টেলিপ্রিন্টারের মাধ্যমে খবর সরবরাহ করলেও বিডিনিউজ ইন্টারনেটের মাধ্যমে সংবাদ সরবরাহের উদ্যোগ নেয়।

২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির কাঠামোতেও বড় পরিবর্তন আসে। ওই বছরের জুলাইয়ে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিডিনিউজকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। একই বছরের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে ২৪ ঘণ্টার সংবাদসেবা হিসেবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তৌফিক ইমরোজ খালিদী। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কোম্পানি বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেডের পরিচালক ও অংশীদারও ছিলেন তিনি।

সাংবাদিকতায় চার দশকের পথচলা

১৯৬৭ সালের ১৪ জুন জন্ম নেওয়া তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতায় হাতেখড়ি ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি সানডে এক্সপ্রেসে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডেইলি স্টারে কূটনৈতিক প্রতিবেদক এবং ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিজনেস এডিটর হিসেবে কাজ করেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পত্রিকাটির যুগ্ম-বার্তা সম্পাদক ও উইকেন্ড এডিশনের বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন।

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে সহকারী সম্পাদক ও সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে কূটনীতি, বাণিজ্য, রাজনীতি ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন তিনি।

২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনার পাশাপাশি ‘ডিবেট’ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণের জন্য তিনি প্যারিসের জার্নালিস্টস ইন ইউরোপ ফাউন্ডেশন এবং জাপান ফরেন প্রেস সেন্টারের ফেলো ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি

ডিজিটাল সাংবাদিকতায় অবদানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি পেয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাউথ-টু-সাউথ মিডিয়া ডায়ালগে এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা ও পশ্চিম এশিয়ার ১৪ জন শীর্ষস্থানীয় ডিজিটাল মিডিয়া উদ্ভাবকের একজন হিসেবে স্বীকৃতি পান তিনি।

২০১৬ সালে ইউনেস্কো আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ২০০৯ সালে কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। এছাড়া ২০১০, ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে জার্মানির বনে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামেও অংশ নেন তিনি।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ রাইজিং’ শীর্ষক সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন।

২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

নীতিনির্ধারণেও ভূমিকা

সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যম ও নীতিনির্ধারণী বিভিন্ন ক্ষেত্রেও কাজ করেছেন তৌফিক ইমরোজ খালিদী। অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটির ২০১২ ও ২০১৫ সালের কমিটিতে সদস্য ছিলেন তিনি।

এ ছাড়া ২০০৮ সালে বার্তা সংস্থাগুলোর নীতিমালা প্রণয়ন কমিটি এবং ২০০৭ সালে ঢাকার নদী রক্ষায় গঠিত জাতীয় টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি ও তথ্য প্রতিমন্ত্রীর শোক

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও।

শোকবার্তায় তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমজগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581