ন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৯ আগস্ট) রাতে এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, জীবিকার সন্ধানে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। প্রবাসে কর্মরত এসব মানুষের শ্রম ও অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মন্ত্রী বলেন, এই কঠিন সময়ে শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও অসীম কষ্ট সহ্য করার শক্তি দান করুন মহান আল্লাহ।
সৌদি আরবে কর্মরত আত্রাইয়ের সাত বাংলাদেশি শ্রমিকের এই মৃত্যুতে নিজ এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মধ্যে চলছে গভীর আহাজারি; একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি উঠেছে।

