পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের পটিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় এলডিপির নেতাকর্মীরা।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় পটিয়া পৌরসভা এলডিপির উদ্যোগে এ মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে অলি আহমদের প্রার্থিতাকে স্বাগত জানান।
এর আগে রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেন।
জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার খবর পটিয়ায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলডিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় পৌরসভা এলডিপির উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন, পৌর এলডিপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, দিদারুল আলম টিপু, খোরশেদ আলম, মোহাম্মদ বেলাল, নুরু সওদাগর, জায়েদুল হক, জসিম সওদাগর, বাবুল, ইব্রাহিম কানুন রশিদ ও জামশেদসহ দলীয় নেতাকর্মীরা।

