স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকেও আনোয়ার প্রধানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি প্রাপ্তির পর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে করেনি মহানগর বিএনপি। গত ৬ অক্টোবরের একটি ঘটনায় দুঃখ প্রকাশ বা অনুতপ্ত হওয়ার পরিবর্তে নোটিশদাতা সদস্যসচিবের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে নোটিশ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
মহানগর বিএনপির অভিযোগ, গত ৬ অক্টোবর আনোয়ার প্রধানের নেতৃত্বে আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ করা হয়। এ সময় রিফাত বাধা না দিয়ে উসকানি ও সহযোগিতা করেন। সাখাওয়াত হোসেন খানকে অবরুদ্ধ রাখা এবং পরে ক্ষমা চেয়ে চলে যাওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যও তারা মিথ্যা বলে দাবি করেন।
কারণ দর্শানোর নোটিশের জবাবে ঘটনাটিকে আইনজীবী ফোরামের বিষয় বলে উল্লেখ করা হয়েছিল। তবে মহানগর বিএনপির দাবি, সাখাওয়াত হোসেন খান সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন। ফলে তাঁর সঙ্গে এমন আচরণ দলীয় শৃঙ্খলাবিরোধী।
পৃথক চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়। তাঁর সরকারি চেম্বার তালাবদ্ধ রাখা, ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চিঠিতে বলা হয়, এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এসব অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে আনোয়ার প্রধানের দুটি সাংগঠনিক পদ ও রিফাতের ওয়ার্ড সভাপতির পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককেও পাঠানো হয়েছে।
এদিকে, পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় দাবি করে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করার ঘোষণা দিয়েছেন আনোয়ার প্রধান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যারা অন্যায়ভাবে আমার নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সব নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির চেয়ারম্যান বরাবর আপিল করব, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার প্রধান ও রিফাতের দলীয় পদ স্থগিত করা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়কের সঙ্গে আচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিএনপির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।

