খুলনা প্রতিনিধি
খুলনা বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩০৪ জন ডেঙ্গু রোগী। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪৩ জন।
রোববার (১১ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ২৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১০৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। অন্যান্য জেলার মধ্যে যশোরে ২৮ জন, বাগেরহাটে ২৫ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ২০ জন, কুষ্টিয়ায় ১৭ জন, নড়াইলে ১৪ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, চুয়াডাঙ্গায় ১০ জন এবং মেহেরপুরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা জেলায় এবং অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ২৯৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৬৯০ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৩৯৭ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
বিভাগজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

