রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

বন্দরের নিরাপত্তা জোরদার ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ সংসদীয় কমিটির

ন্যাশনাল ডেস্ক:

চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করে সরকারি অর্থের সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে পণ্যভর্তি কনটেইনারের নিরাপত্তা জোরদার, দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন দ্রুত নিষ্পত্তি এবং মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘গায়েব হয়ে যাচ্ছে একের পর এক পণ্যভর্তি কনটেইনার, নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় বন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার, পণ্য সংরক্ষণ ও তদারকি কার্যক্রম কার্যকর করা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। এ ধরনের নিষ্পত্তিতে বিদ্যমান জটিলতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বন্দরের কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করা হয়। এসব প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন কমিটির সদস্যরা।

প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বা আর্থিক ক্ষতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ব্যাংকে রাখা মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। তিনটি বন্দরের দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় সংসদীয় কমিটি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581